রাজধানীর খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন (৩২) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই থানার কনস্টেবল শাহজাহান ( ৪০)।
সোমবার রাত ৩টার দিকে খিলক্ষেত বাজারের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার অপারেশন অফিসার (এসআই) মনিরুল আলম জানান, সোমবার রাতে এএসআই আল-আমিন ও কনস্টেবল শাহজাহান আরো কয়েক জন পুলিশ সদস্যকে নিয়ে নাইট ডিউটি করছিলেন বিমানবন্দর সড়কে। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা এ দু’জন পুলিশকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়।
পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে নিয়ে যাওয়া হলে রাত ৩টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে কনস্টেবল শাহজাহান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর ঘাতক ট্রাক থেকে একজনকে আটক করেছেন পুলিশ।
এসএইচ





