স্বজনদের ভয় দেখাতে গিয়ে বাগেরহাটের চিতলমারীতে কীটনাশক পান করে বৃষ্টি ও প্রীতি নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

এর আগে মঙ্গলবার (০২ মার্চ) রাতে চিতলমারী উপজেলার কাননচক গ্রামে বাবার বাড়িতে বসে একি সঙ্গে তারা দুইজন বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে দুই বোনকে।
মৃত প্রীতি বেগম (২১) যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী ও চিতলমারী উপজেলার কাননচক গ্রামের হাকিম খানের মেয়ে। বৃষ্টি বেগম (২০) আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী ও কাননচক গ্রামের জাকির খানের মেয়ে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাত বোন। তাদের প্রত্যেকের এক বছর বয়সী এক-একটি সন্তান রয়েছে। সমবয়সী হওয়ায় ছোটবেলা থেকে একই সঙ্গে বেড়ে ওঠেন নিহত দুই বোন। প্রতিটি কাজই তারা একসঙ্গে করতেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, দুই বোন মারা যাওয়ার ঘটনায় গোপালগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বৃষ্টি ও প্রীতি সমবয়সী। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। পারিবারিক কলহের জেরে ভয় দেখানোর উদ্দেশে প্রীতি বিষ খাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে পরামর্শ করে দুই বোনই একি সঙ্গে বিষ পান করেন।

এমবি