সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ২ জন। রবিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সোহেল রানা (২৬) ও আরোহী গৃহবধূ রত্না খাতুন (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- নিহত গৃহবধূ রত্না খাতুন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী। সে শিশুকন্যা জেলিকে (১) নিয়ে তার পিতৃালয় বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রাম থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে স্বামীর বাড়ি যাচ্ছিল।

নিহত চালক সোহেল রানা বগুড়া জেলার ধুনট উপজেলার চকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী গ্রামের মোতালেব হোসেনে ছেলে। পথিমধ্যে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক নিহত হয়। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

গুরুতর আহত আরোহী রত্না খাতুনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তার কোলের আহত শিশু কন্যা জেলি রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে প্রায় একই সময়ে একই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মোটর সাইকেল চালক কাজী মাহমুদুল (৪৬) আহত হন। তিনি ধুনট থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। আহত কাজী মাহমুদুল ধুনটের গোসাইবাড়ি গ্রামের কাজী আব্দুল মজিদের ছেলে। তাকে রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মটরসাইকেলটি উদ্ধার করে স্থানীয় ফায়ারসার্ভিস স্টেশনে রাখা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এআই