চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পারিবারিক কবরস্থানকে এলাকাবাসীর দেখিয়ে উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়ছে বলে জানিয়েছেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারি পরিচালক এইচ এম আখতারুজ্জামান।

তিনি জানান, ওমর ফারুককে শনিবার আদালতে হাজির করা হবে। শুক্রবার (০৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের ষোলশহর ফরেস্ট গেইট এলাকা থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওমর ফারুক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় সহকারি পরিচালক এইচ এম আখতারুজ্জামান টাইমনিউজবিডি কে জানান, পারিবারিক কবরস্থানকে এলাকাবাসীর দেখিয়ে উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দ এনেছিলেন লোহাগাড়া উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক।

কিন্তু কবরস্থানের কোনো উন্নয়ন না করে সরকারি বরাদ্দের এক লাখ ৭০ হাজার ৬৭২ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে এলজিএসপির অধীন পদুয়া ভিটি কবরস্থানের সীমানা দেয়াল নির্মাণ প্রকল্পের (পূর্ব অংশ) ২২ হাজার ২৯৭ টাকা, পদুয়া ভিটি কবরস্থানের অভ্যন্তরীণ ওয়াক ওয়ে নির্মাণ প্রকল্পের (পূর্ব ও পশ্চিম অংশ) ৯৮ হাজার ৩৭৫ টাকা এবং পদুয়া মালিপাড়া কবরস্থানের ওয়াল নির্মাণের বরাদ্দকৃত ৫০ হাজার টাকা বরাদ্দ হয়।

সরকারি বরাদ্দের এক লাখ ৭০ হাজার ৬৭২ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০১৫ সালের ২২ আগস্ট দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান বাদী হয়ে ওমর ফারুকসহ চারজনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন। উক্ত মামলা নম্বর ৩০(৮)১৫, ৩১(৮)১৫ ইং এবং ৩২(৮)১৫ ইং ।

ওমর ফারুক ছাড়া মামলার বাকি তিন আসামি হলেন, এলজিইডির লোহাগাড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তৈয়ব, পদুয়া ইউপির সাবেক সদস্য আয়ুব আলী এবং স্থানীয় গণ্যমান্য হিসেবে প্রকল্পের সভাপতি নুরুল কবির।


মাসুম/এমএনজে