রাজশাহীতে এক সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন স্থানীয় তিন ফটোগ্রাফার। এ ঘটনায় শাহ মখদুম থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে বেসরকারি একটি এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট চালুর বিষয়ে সংবাদ কাভার করতে দৈনিক আমাদের সময়ের রাজশাহীস্থ নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল বিকেলে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।
এ সময় তার সঙ্গে অন্য সাংবাদিকরাও ছিলেন। ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পর তিনি দেখতে পান, স্থানীয় ফটোগ্রাফার শহীদুল ইসলাম দুখু কোনো কারণ ছাড়াই একটি বেসরকারি টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ শুরু করেছেন। এছাড়া একটি অনলাইন সংবাদমাধ্যমের নারী সাংবাদিককেও উত্যক্ত করেন ওই ফটোগ্রফার।
পরে আমজাদ হোসেন ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করেন দুখু। তার (দুখু) সঙ্গে যুক্ত হন স্থানীয় একটি দৈনিকের ফটোগ্রাফার সামাদ খান, আমার দেশ পত্রিকার ফটোগ্রাফার আসাদুজ্জামান আসাদ।
এর আগে ২০১৩ সালের জুনে সিটি নির্বাচনের সময় বিবিসি সংবাদদাতা কাদির কল্লোলকেও লাঞ্ছিত করেছিলেন দুখু।
এদিকে, ওই ফটোগ্রাফারদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিকের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভা থেকে রোববার দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এদিকে, মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে মহানগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, এজাহার পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ





