বর্ণাঢ্য আয়োজনে দীর্ঘদিন পর জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। জেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকাল ১০টায় এই সম্মেলন শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, এম এ কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুল রহমান বাবুল, সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, এম রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম তালুকদার শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জামালপুর শহরে সাজসাজ রব বিরাজ করছে। ময়মনসিংহ জেলার শেষ প্রান্ত থেকে শুরু করে পুরো জামালপুর শহরে শত শত তোরণ নির্মাণসহ রাস্তার দুই পাশে সাঁটানো হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

আয়োজকেরা জানান, জামালপুরের ৭ টি উপজেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্যের তালেতালে সম্মেলনে যোগ দেন। সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনস্থল বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যায়।

ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলাদলসহ বিএনপির অঙ্গ দলগুলোর নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। জোহরের নামাজের জন্য ১০ মিনিট বিরতি দিয়ে ছাড়া নিরবিছিন্নভাবে সস্মেলন চলছে।

ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ঘোষণার ফলে তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এর পর জেলা শহরে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে বিএনপির নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিতে পারেনি।

এমবি