টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সংস্কারের পর আগামী মাসে মন্ত্রিসভায় পে-স্কেল উত্থাপন করা হবে।
রোববার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক রাকেশ মোহনের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল তুলে দেয়ার প্রস্তাব করে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত পে-কমিশন।
পে-স্কেল মন্ত্রিপরিষদে কবে উঠছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সোমবারের মন্ত্রিপরিষদের বৈঠকে হয়তো উঠছে না। তবে পরবর্তী বৈঠকে পে-স্কেল উঠবে। এর আগে বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ করা হবে। বিষয়টি খুবই সংবেদনশীল, তাই সাবধানে এগোতে হচ্ছে। অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি আগামী ২২ সেপ্টম্বর দেশের বাইরে যাব, তার আগেই বিষয়টি চূড়ান্ত করা হবে।’
সিলেকশন গ্রেড ও টাইমস্কেল সম্পর্কে তিনি বলেন, এ দুটোই থাকবে। তবে বিদ্যমান পদ্ধতিতে কিছু সংস্কার করা হবে। কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই টাইমস্কেল বহার রাখার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তারা বলছেন, টাইমস্কেল তুলে দেওয়া হলে অনেকেই ভাতে মরবেন।
আমি মনে করি, তাদের এ দাবি যুক্তিসংগত। তাদের একটি জাম্পের প্রয়োজন রয়েছে। তাদের এ সুযোগ দেওয়া হবে। এসব কারণেই পে-স্কেল চূড়ান্ত হতে একটু দেরি হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যেই নতুন পে-স্কেল চূড়ান্ত হবে। এবং চলতি বছরের জুলাই থেকে তা কার্যকর হবে।
এআর





