আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত আন্তর্জাতিক পদক্ষেপে উদ্ভাবনী ও যুগোপযোগী ভূমিকা রাখায় গ্রিন স্টার আন্তর্জাতিক সম্মননা পুরস্কার পেয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।
বর্তমানে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদকে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের সাধারণ অধিবেশনে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
পরিবেশ ও জলবায়ু বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ও কাউন্সিলর শেলী সালেহীন। এছাড়া অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমকে





