রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় মশক নিধন অভিযানের যথাযথ বাস্তবায়ন ও নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকার দুই সিটি করপোরেশন সবার ছুটি বাতিল করেছে সরকার।

অফিস আদেশে আরো বলা হয়েছে, ইতোমধ্যে ছুটিতে গমনকারী কর্মকর্তা ও কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-উদ্যোগে কর্মস্থলে যোগদান করতে হবে।

স্থানীয় সরকার বিভাগ শুক্রবার (২ আগস্ট) এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ এরশাদুল হক স্বাক্ষরিত শনিবার (৩ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো।

মশক নিধন সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে
স্থানীয় সরকার বিভাগ এক আদেশে জানিয়েছে, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে সারাদেশে সরকার গৃহীত সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়া মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় কীটনাশক (লার্ভিসাইড ও এডাল্টিসাইড) প্রয়োগ কার্যক্রম চলমান রাখা হবে বলে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে।

এএস