মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মাসেতু প্রকল্প এলাকায় পদ্মা নদীর ভাঙনের ফলে সেতু নির্মাণের পাইলিং কাজ বিঘ্নিত হচ্ছে।

নদীর ভাঙনে ১৫০ মিটার পাড় নদীতে বিলীন হয়ে গেছে। এতে সেতুর পাইলিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নদীতে বিলীন হয়ে যায়। ফলে নতুন করে ভাঙন আতঙ্কে পদ্মাসেতু প্রকল্পের কুমারভোগ এলাকার নির্মাণাধীন পাইলিং বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার থেকে ৫টা পর্যন্ত পরপর তিন দফা পদ্মার পাড় ভেঙে প্রায় ১৫০ মিটার ‍নদীতে বিলীন হয়।

পদ্মাসেতু প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কাদের সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকেলে ওই এলাকায় সেতুর পাইলিং কাজ চলছিল। ৩টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন দেখা দেয়। এতে তিন দফায় ১৫০ মিটারের মতো পাড় ভেঙে নদীতে চলে যায়।

তিনি আরো জানান, ভাঙন আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। তবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

জেডআই