চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরও ৫ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।
বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
এর আগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের বিষয়ে শুনানির জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।
১৬ আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করেছিলেন।
গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় করা মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মুজিবুর রহমানসহ আরও অনেকে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেদিন সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।
এমবি





