রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী জানান, নেথোয়াই মারমা শনিবার মনোনয়নপত্র জমা দিতে এলাকায় গিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন তিনি।
তবে এ বিষয়ে জেএসএসের কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমবি





