বরিশালে দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৭০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। যার মূল্য পৌনে ৩ কোটি টাকা।

বরিশাল সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব জাটকা ও জাল আটক করা হয়।

বরিশাল কোস্টগার্ডের কমান্ডার মো. আমিনুল হক জানান, আড়িয়াল খাঁ নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা ইলিশ ধরা হচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল এবং ৭০ মণ জাটকা জব্দ করা হয়। পরে সব জাটকা ইলিশ এতিমখানা, মাদ্রসা ও মন্দিরে বিতরণ করা হয়েছে।

জব্দ করা কারেন্ট জাল বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকারের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

তবে জাটকা নিধনের সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

এমকে