জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সহোদর বড় ভাই খুন হয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের নিমখালি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের মৃত আসকর আলীর বড় ছেলে আ. রাশিদের (৬০) সঙ্গে ছোট ছেলে সিরাজ মিয়ার (৫৫) পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিকাল ৪টার দিকে বাড়ির সামনে ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই সিরাজ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই রাশিদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিরাজকে আটক করে থানায় নিয়ে আসে।
হোসেনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নান্নু মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





