জেদ্দার আভোর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে তিন জনের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ৯টায় জেদ্দার পুরাতন মক্কা রোডের কাছে নাজলা এলাকার কাউছার মসজিদে এ জানাজা হয়।

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের মধ্যপ্রাচ্যের উপদেষ্টা কাজী নওফেল জানান, খন্দকার সৈকত হোসেন, ফয়সল খান এবং মারজুক মোহাম্মদ শোয়েবের জানাজা সম্পন্ন হয়েছে। একরামুল হাসান অনিকের মরদেহ দেশে নিয়ে যাওয়া হবে। এ কারণে তার জানাজা পরে অনুষ্ঠিত হবে।

জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ও ইংরেজি শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, দুই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের প্রবাসীরা এ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, শুক্রবার দিনগত রাতে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও সাতজন। জেদ্দার আভোর এলাকায় গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন তারা। এ সময় ইউটার্ন করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

এএইচ