নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক নির্দেশনা পাঠিয়েছেন সংশ্লিষ্টদের।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী স্মার্টকার্ড মুদ্রণ ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলা/ থানা পর্যায়ে ২০০৭ সাল থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত যে সব উপজেলা/ থানায় স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, সেখানে ২০১৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত নাগরিকদের স্মার্টকার্ড বিতরণের সময় দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় একবারেই নাগরিকদের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মাঝখানে ২০১৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের হালনাগাদের পূর্ব পর্যন্ত সময়ে নিবন্ধিত নাগরিকদের স্মার্টকার্ড মুদ্রণ ও বিতরণ না হওয়ায় তাদের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ গ্রহণ করা হয়নি। বর্তমানে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠান সহজ করার লক্ষ্যে উক্ত সময়ে নিবন্ধিত নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ ছাড়াই দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ গ্রহণ করা প্রয়োজন। এলক্ষ্যে প্রত্যেক অঞ্চলে সিটি কর্পোরেশন/শহর এলাকার ১টি ওয়ার্ডে এবং পল্লী এলাকার ক্ষেত্রে ১টি ইউনিয়নসহ মোট ১টি এলাকায় পাইলটিং করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএইচ





