চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরদিঘী রাজঘাটা এলাকায় এসআই পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রব এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে ওবায়দুল্লাহ (২৮) ও নোমান (২২)।
জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওবায়দুল্লাহ ও নোমান। তাঁরা ঠাকুরদিঘী এলাকা পার হয়ে এসআই পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রব।
এমবি





