আটকের পর পুলিশের গুলিতে আরিফ (২২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও চার যুবদল কর্মী।

গুলিবিদ্ধ অন্যরা হলো, নুরুল হাদিস, সোহেল, পারভেজ ও রুবেল। তারা সবাই স্থানীয় যুবদল কর্মী। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রামের সিতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বারিয়াঢাল ইউনিয়নের বাসিন্দা।

সিতাকুণ্ড থানার সেকেন্ড এসআই আবদুল মোত্তালিব জানান, তারা রাতে মহাসড়কে নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিল। পরে তাদেরকে দু’টি পেট্রল বোমা ও ১০টি ককটেলসহ আটক করা হয়।

এসময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি করলে তারা পাঁচজন গুলিবিদ্ধ হয়। এঘটনায় আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে আরিফ মারা যায়।

এদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ও বারিয়ঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কমল কদর জানান, তারা স্থানীয় যুবদলের কর্মী। পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে। পরে সাজানো নাটক সাজিয়ে তাদেরকে গুলি করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, নিহতের লাশ মেডিকেল মর্গে রয়েছে। আহতদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এআর