পার্বত্য জেলা পরিষদগুলোর জন্য একজন সদস্য ও ১০জন সদস্যের সমন্বয়ে অন্তবর্তীকালীন পরিষদ গঠনের বিধানের প্রস্তাব করে আজ সংসদে ৩ পার্বত্য জেলার জন্য ৩টি পৃথক বিল উত্থাপন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বিল ৩টি উত্থাপন করেন।
উত্থাপিত বিল ৩টি হচ্ছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৪।
রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১১ সদস্যের পরিষদে চেয়ারম্যান ছাড়া বাকী ১০ সদস্যের মধ্যে চাকমা উপজাতির ৩ জন প্রতিনিধি, মারমা উপজাতির একজন, খেয়াং ও লওসাই উপজাতির একজন, ত্রিপুরা উপজাতির একজন, তনচৈংগা উপজাতির একজন, অ-উপজাতীয় থেকে ৩ জন সদস্য রাখার বিধানের প্রস্তাব করা হয়েছে।
বান্দবন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১১ সদস্যের পরিষদে চেয়ারম্যান ছাড়া বাকী ১০ সদস্যের মধ্যে, মারমা উপজাতি থেকে ২ জন, তনচৈংগা ও চাকমা থেকে একজন, ম্রো (মুরাং) উপজাতি থেকে একজন, ত্রিপুরা উপজাতি থেকে একজন, চাক, খিয়াং ও খুমী উপজাতি থেকে একজন, বোম, লুসাই ও পাংখু থেকে একজন ও অ-উপজাতীয় থেকে ৩জন সদস্য রাখার বিধানের প্রস্তাব করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিলে ১১ সদস্যের পরিষদে চেয়ারম্যান ছাড়া বাকী ১০ সদস্যের মধ্যে, চাকমা উপজাতি থেকে ৩জন, মারমা উপজাতি থেকে ২ জন, ত্রিপুরা উপজাতি থেকে ২ জন ও অ-উপজাতীয় থেকে ৩ জন রাখার বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিল ৩টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





