মোবাইলফোন অপারেটর সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি টাকা কোম্পানিটি দিতে এলে তা নেয়া হবে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে বিটিআরসি।

বুধবার এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য জানান।

বিটিআরসির সম্মেলন কক্ষে 'দেশব্যাপী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের জিআইএস মানচিত্র' অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, 'সিটিসেল কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা জানিয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমে তারা সরকারের কাছে টাকা পাঠিয়েছে। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।'

শাহজাহান মাহমুদ বলেন, বিটিআরসি সব সময় গ্রাহকদের স্বার্থকে গুরুত্ব দেয়। সরকারের যে কোনো সিদ্ধান্তে সিটিসেল গ্রাহকদের সমস্যা হলে বিটিআরসি তা দেখবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির কমিশনার জহুরুল হক বলেন, বিটিআরসির নিজস্ব আইনে ১ আগস্টই সিটিসিল বন্ধ করে দেয়া যেতো। কিন্তু গ্রাহকদের কথা ভেবে বিটিআরসি তা করেনি।

উল্লেখ্য, বকেয়া টাকা আদায় করতে না পারায় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা নেয়ার আহ্বান জানায় বিটিআরসি।

এসএ