ফেনীর দাগনভূঞায় ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দাগনভূঞা পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সম্পাদক জিয়া উদ্দিন মাসুদের সঙ্গে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আউয়ালের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দেশীয় অস্ত্র নিয়ে শুক্রবার সকাল থেকে দু’পক্ষের লোকজন এলাকায় মহড়া দিচ্ছে বলেও জানা গেছে।

দাগনভূঞা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল ফয়সল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল বিস্ফেরণে কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেএইচ