ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মকাণ্ডে মানুষ আজ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. মাহাবুবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার চর রাজাপুর গ্রামে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সেনাপ্রধান মাহাবুবুর রহমান বলেন, দেশের কোথাও এখন গণতন্ত্র নেই। গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে সব মানুষের সমান সুযোগ থাকবে। যেখানে মানুষ কথা বলতে পারবে। প্রাণ খুলে হাসতে পারবে। রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে। কিন্তু আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সরকার বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডে মানুষ আজ অতিষ্ঠ।

ঝালকাঠি শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্মেলনস্থলে একই সময় যুবদলের এক পক্ষ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান করার পাল্টা কর্মসূচি আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরে জেলা বিএনপি রাজাপুর উপজেলার চর রাজাপুর গ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের বাড়ির প্রাঙ্গণে সম্মেলন করে। বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন শাহজাহান ওমর। ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে মোস্তফা কামালকে সভাপতি, মিয়া আহমেদ কিবরিয়া সহসভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন যুগ্ম সম্পাদক ও মেহেদি হাসান খানকে সাংগঠনিক সম্পাদক করে ঝালকাঠি জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

জারিফ