বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহরবুনিয়া ইউনিয়নে শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পূর্বে শুক্রবার ও বৃহস্পতিবার আরো দু’দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এসব হামলায় গুরুতর আহত হয়েছে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সবুজ, যুবলীগ নেতা বাবু হাওলাদার, আ. লীগ নেতা সখিনুর, মোশারেফ হোসেন তালুকদারকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর আহত যুবলীগ নেতা আবু সাম হাওলাদার(৪২), ‘তরুণলীগের’ ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহিন ফরাজী(৪২), ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার(২২)কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, বহরবুনিয়া ইউনিয়নে পর পর ৩ দফা হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটেছে। শনিবার ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এসব ঘটনায় এ পর্যন্ত থানায় মাত্র একটি মামলা দায়ের হয়েছে। আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। 

 

মাসুম/জেড