এখন মানুষ বাইরে নয়, বাড়িতেও নিরাপদ নয় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের জনগণ মুক্তি চায়।
রোববার ৫ দিনের সফরে ঢাকা থেকে রংপুরের পল্লী নিবাস বাসভবনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বিশেষ দুত এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে ৯ বছর মানুষ অশান্তিতে ছিল না। সে সময় মানুষ অনেক শাস্তিতে ছিল। ছিল না কোন ভয় ভীতি।
তিনি বলেন, কিন্তু এখন মানুষ বাইরে নয়, বাড়িতেও নিরাপদ নয়। কখন কি হয় সে আশঙ্কায় থাকে। এসব থেকে দেশের জনগণ মুক্তি চায়। তারা আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
এরশাদ বলেন, পহেলা অক্টোবর সিলেট সফর করে মাজার জিয়ারতের মধ্যদিয়ে জাপার সাংগঠনিক ও নির্বাচনী সফল শুরু হবে। দেশব্যাপি চলবে আমাদের এ সফর।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি কী সেটা আপনারা ভাল জানেন । এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। এরশাদ আরও বলেন, এখন আমাদের কাজ আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সে কাজটিই করছি।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জেলা জাপার সদস্য সচিব মোফাজ্জল হোসেন মাষ্টার, মহানগর জাপার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছিরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপন্থিত ছিলেন।
এসএ





