কক্সবাজারের রামুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৌদ্ধ ভিক্ষুরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এ মানববন্ধন করে বলে জানা যায়।

শনিবার বিকেল ৪ টার দিকে চৌমুহনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। এসময় তারা “যুদ্ধ নয়, শান্তি চাই, বোমা হামলা বন্ধ করো”  এসব স্লোগান দেন।

মানববন্ধন শেষে কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক প্রধান ও বিশিষ্ট লেখক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে ও রামু প্রেস ক্লাবের সদস্য অর্পণ বড়ুয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জ্যোতিসেন ভিক্ষু, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, বৌদ্ধ নেতা বিপুল বড়ুয়াসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ কোন সম্প্রদায়ের উপর নয়। এই গণহত্যা মানবতার বিরুদ্ধে। আমরা জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এর তীব্র প্রতিবাদ জানাই। 

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ