‘জামায়াত-বিএনপির নয়,নিজেদের মামলায় আ.লীগ নেতাকর্মীরা জেলে’ বলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আলোচনা সভায় মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গত শনিবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় সিটি মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেছেন, ‘আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে বা জেলে আছেন তাঁরা কেউ বিএনপি বা জামায়াতের মামলায় আসামি হননি। নিজের দলের নেতাকর্মীদের মামলায় আক্রান্ত হয়ে বা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে চট্টগ্রামে একাধিক মামলা হচ্ছে।’
‘আমি অনুরোধ করব, আমাদের সব ধরণের সংকীর্ণতা পরিহার করতে হবে।’
সিটি মেয়র বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করে থাকি। আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করলে আমিও আপনাকে প্রশ্নবিদ্ধ করব। এতে দল ক্ষতিগ্রস্ত হবে।’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমীন এমপি, সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বক্তব্য রাখেন।
এএস





