পাবনা সদর উপজেলার চরবলরামপুর গ্রামে বোমা বিস্ফোরণে মাহিরন বেগম (৭৫) নামের এক বৃদ্ধ মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এসময় তার বৌমা রেশমা খাতুন(৩০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।
নিহত মাহিরন বেগম চরবলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী এবং রেশমা খাতুন তার ছেলে আজিবর প্রামানিকের স্ত্রী।
আহত রেশমা খাতুনের স্বামী আজিবর জানান, দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে তার মায়ের মৃত্যু এবং স্ত্রী আহত হয়েছেন। সকাল সাড়ে ৫টার দিকে তারা নামাজ পড়ার জন্য উঠলে বাইরে থেকে বোমা ছুড়ে মারলে বিস্ফোরনে তার মা ও স্ত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে মা মারা যান।
অপরদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের চাতালে ঐ বোমা রাখা ছিলো। সকালে মাঠের কাজের জন্য কৃষকের কাজের সামগ্রী নামাতে গিয়ে অসাবধানতা বশত একটি বোমা ঘরের মেঝোতে পড়ে যায়। এসময় বিষ্ফোরনে এই দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই) সুব্রত কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে কিভাবে বোমা বিস্ফোরণ হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাকিবুল/এমবিএইচ





