খাগড়াছড়ির পার্বত্যজেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলায় ট্রাক চাপায় শিশুসহ নিহতের  সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ শুক্রবার পৌনে ১১টার দিকে আলুটিলা পর্যটন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর ট্রাক ওঠে গেলে চাকায় পিষ্ট হয়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটু।

নিহতরা হলেন, মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা চেহ্লাগ্য মারমার স্ত্রী নেইম্রা মারমা (৪০), মেয়ে টুনটুনি মারমা (১২), চলাপ্রু মারমার ছেলে উচনু মারমা (১৮), মংমং মারমার ছেলে মাথিন মারমা (৫), মংক্রক মারমার ছেলে অংক্যচিং মারমা (১৮), মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের চাইথইলা মারমার ছেলে পুলু মারমা (১৬) এবং রামগড় উপজেলার নাকাপা ইউনিয়নের কেচু মারমার ছেলে চাইথোয়াইপ্রু মারমা (১৬)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ববি মার্মা(৩০) নামে আরেক জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম।

নিহত চাইথোয়াই প্রম্ন মারমা, অংক্যচিং মারমা মহালছড়ি পাইলট স্কুলের এসএসসি পরীক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিরাঙা উপজেলার আলুটিলা সাংসক নগর বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু ভদন্ত চন্দ্রমণি মহাস্থবিরের অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে আসেন।

বিহারে উপরে ও নিচে হাজার হাজার মানুষের ঢল নামে। পৌনে ১১টার দিকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো ট ১১-৩৮০০) নিয়ন্ত্রণ হারিয়ে বিহারের নিচে থাকে পথচারীদের চাপা দেয়।

এদিকে নিহত এবং আহত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে খাগড়াছড়ি সদর হাসপাতালের পরিবেশ।  

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। আহত ১৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। 

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন জানান, ঘাতক ট্রাকচালক সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, খাগড়াছড়ি ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আবুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম মশিউর রহমান, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরাসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছিদ্দিক/এমবি