নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরীকে অপহরনের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- সাগর দাস(২৩), নুর মোহাম্মদ হাসান রায়হান (২৪), আজিজুল হক (২২), জিতু বড়ুয়া এবং মীর মোশাররফ হোসেন সৌরভ (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, সাগর দাসের নেতৃত্বে পাঁচ যুবক সংঘবদ্ধভাবে চট্রগ্রাম থেকে উপজেলার চরজব্বর থানার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুরে এসে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ভুক্তভোগী কিশোরীকে বাড়ির সামনে থেকে জোরপূর্বক টানাহেঁচড়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন তাদের আটক করে এবং টহল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঐ পাঁচ যুবককে আটক করে।
তবে, আটককৃতদের দাবী ঐ কিশোরীর সাথে আটক সাগর দাসের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্রে তারা এখানে এসেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাসন্তী রাণী পাল বাদী হয়ে শুক্রবার রাতে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক জানান, আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোহেল/এমবি





