নিখোঁজ হওয়ার দুইদিন পর সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্ত সংলগ্ন পাটক্ষেত থেকে ফাহিম আহমেদ (৮) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ফাহিম মায়ের সঙ্গে কুশখালি গ্রামে নানা মোহাম্মদ আলির বাড়িতে থাকতো। মঙ্গলবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি পাটক্ষেতে ফাহিমের মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, কুশখালি সীমান্তের মেইন পিলার ১২ থেকে ২০০ গজ অভ্যন্তরে পাটক্ষেতের ভেতরে মৃতদেহটি পড়ে ছিল। তার নাক ও কানে রক্তপাতের চিহ্ন রয়েছে।

ওএফ