সাতক্ষীরার তালায় পুলিশের গুলিতেএক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত বিএনপি নেতার নাম শেখ আ. হালিম বিপ্লব।

শুক্রবার ভোর তিন টার দিকে তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেহের আলীর ছেলে, জালালপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও শালিখা কলেজের পরিদর্শক।

তালা থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, রাতে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিপ্লব গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তিনি নিহত হন।

তবে নিহতের চাচাতো ভাই নসিরউদ্দীন ও চাচী রাবেয়া খাতুন জানান, রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। পরে সুজনশাহ যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় তাকে গুলি করে পুলিশ ।

ঢাকা, ১৮ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ