রাজশাহীতে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে মহানগরীর সোনাদীঘি মোড় ও হেতেমখাঁ এলাকায় ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সকালে হরতালের সমর্থনে মহানগরীর মণিচত্বর এলাকা থেকে শিবির কর্মীরা মিছিল বের করে। মিছিলটি সোনাদীঘির মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ছাত্রশিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ দিকে মহানগরীর ডিংগাডোবা বাইপাস মহাসড়কে শিবির কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া মহানগরীর ভদ্রা এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির কর্মীরা।
অপরদিকে হরতালে মহানগরীর রাস্তায় হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভারী যান চলাচল করেনি। মহানগরীর বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাজশাহী রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন সময়মতো ছেড়ে গেছে।
সকাল থেকেই ছোট দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। তবে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখনো খোলেনি।
সার্বিক বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, সকালে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশের কেউ আহত না হলেও কয়েকজন শিবির কর্মী আহত হয়েছে বলে শুনেছেন তিনি।
জেআই





