গুলশান ১ নম্বরের কাঁচাবাজার ও সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘আমাদের উপপরিচালক মো. শামীমকে প্রধান করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা সাতদিনের মধ্যে প্রতিবেদন দেবে।’
মেজর শাকিল নেওয়াজ বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
এর আগে শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। সেসময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।
সকাল সাড়ে ৮টার দিকে মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, কাঁচাবাজারের সুগন্ধির কোনো দোকান থেকে আগুন লেগেছে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট। তখন দোতলা মূল বিপণি বিতানের পাশের কাঁচাবাজারও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর ওই বাজারটি নতুন করে গড়ে তোলার দুই বছরের মধ্যে আবার তা পুড়ে গেল।





