রাজধানীর গুলশান নদ্দা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী গোপাল সূত্রধর (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর ছিলেন।
বুধবার (২৭জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদ্দা বাসস্ট্যান্ড এর উত্তর দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন গোপাল সুত্রধর। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনার পরপরই ভিক্টর পরিবহন নামে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।
বেলাল হোসেন আরও বলেন, জানতে পেরেছি নিহতের নাম গোপাল। তিনি ৭১ টিভিতে ভিডিও এডিটর হিসেবে চাকরি করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এমবি





