২০ দলীয় জোটের টানা অবরোধের চতুর্থ দিন সিরাজগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রশিবির। এ সময় শিবিরের তিন নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
উল্লাপাড়া উপজেলার শ্রীকোলার আকমল মিলের সামনে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন-উল্লাপাড়া উপজেলার রানীগর গ্রামের আকবর আলীর ছেলে ও জেলা শিবিরের সভাপতি সোলায়মান হোসেন (৩২), চড়িয়াশিকা গ্রামের আব্দুল গফুরের ছেলে ও উপজেলা শিবিরের সদস্য গোলাম কিবরিয়া এবং উল্লাপাড়া উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক ও আমডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জামনুন হোসেন (২৮)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান, গুলিবিদ্ধ জামনুনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনিজানান, সিরাজগঞ্জ-নগরবাড়ী মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াত-শিবির ও বিএনপির পিকেটাররা কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে পিকেটাররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে শিবিরের ৩ নেতাকে আটক করেছে।
পুলিশ এ সময় শিবিরের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি দেশীয় ছোরা জব্দ এবং একটি তাজা হাতবোমা উদ্ধার করেছে বলেও জানান তিনি।
কেএইচ





