ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও সমাবেশ চলাকালে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সার কারখানার প্রধান ফটক বন্ধ থাকে।
এ সময় কোনো মালামাল ও ট্রাক ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে এ দুই ঘণ্টা সার সরবরাহ বন্ধ ছিল।
আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহসভাপতি মো. তৈমুর রহমান, মো. বখতিয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক এ কে নুর আহমেদ প্রমুখ।
বক্তারা জানান, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি ও বেতন আগামী ৩১ মের মধ্যে বৃদ্ধি করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।
এ সময় সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন মানববন্ধন, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলসহ ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেন।
এসএম





