বাঙালি জাতির অগ্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষ করে সূরা পাঠ ও দোয়া-মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর দলীয়ভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকি, বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে ১৪ দলের পক্ষ থেকে এ সময় মোহাম্মাদ নাসিমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের শীর্ষ নেতারা।
ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বর্তমানে শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের জন্য ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা, এমআর, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম





