গুলশানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চুপকে চুপকে আয়োজন করা বৈঠকে কোন কোন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে।’
রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনুসর আলী অডিটোরিয়ামে সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বিএনপি থেকেও প্রতিনিধি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তার কথা না মেনে আন্দোলনের দোহাই দিয়ে নির্বাচন বানচালে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যায় মেতে উঠেছিলেন।’
তিনি বলেন, ‘সেই অবস্থার মধ্যেও দেশে নির্বাচন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। তবে বিরোধী দলের পদটি হারিয়েছে বিএনপি। খালেদা জিয়ার সেই ভুলের মাসুল এখন বিএনপিকেই দিতে হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি নির্বাচন ছাড়া কোনো দল ও গণতন্ত্র টিকতে পারে না।’
জেআই





