সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ায় কলেজ শিক্ষক খলিলুর রহমানের বাড়িতে অ্যাসিড ও পেট্রল বোমা হামলার ঘটনায় আপন ছোট ভাই তবিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কলারোয়া থানায় ৫ জনের নামে মামলা দায়েরের পর শুক্রবার ভোরে লাঙ্গলঝাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খলিলুর রহমানের বড় ভাই মতিয়ার রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ করিম জানান, জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। মামলার তদন্ত ও গ্রেফতারের স্বার্থে অন্য আসামিদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।
এদিকে, এ ঘটনায় খলিলুর রহমানের অগ্নিদগ্ধ স্ত্রী ঝর্না বেগম (৩৫), ছেলে তানভীর (৮) ও আসাদকে (১১) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ার কলেজ শিক্ষক খলিলুর রহমানের বাড়িতে বুধবার দিবাগত রাত ১টার দিকে অ্যাসিড ও পেট্রল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী ও দুই ছেলের শরীরের ৭০ শতাংশ ঝলসে যায়।
জেইউ