জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন- অপর্যাপ্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোর ঘাটতি ও ধীরগতির নগরায়ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে আয়োজিত ‘উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই কর্মশালায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংসদেরা অংশ নিচ্ছেন। সম্প্রতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য বাজেট-ঘাটতিও একটি বড় সমস্যা। এছাড়া এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
এমআর, জেএ





