ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকাল পৌনে ১১টায় তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে তাঁর স্বজনেরা জানান। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মনোয়ারা বেগমের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। তাঁর স্বামীর নাম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই মনোয়ারার জ্বর ছিল। স্থানীয় ভাগলপুর হাসপাতালে তাঁর ডেঙ্গু ধরা পড়ে।

সেখানে চিকিৎসা নেওয়ার সময় অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় আজ সকালে তিনি মারা যান।’

অন্যদিকে, রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামে। মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক শাখার ছাত্র ছিলেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমন ঈদের দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৮ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন। এদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১৮৮ জনকে।


এএস