চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার পার্টিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।রোববার নগরীর পাচঁলাইশস্থ কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলোচনা সভা চলাবস্থায় মিলনায়তনের বাইরে গাড়ি পার্কিং এলাকায় ইফতারের পূর্ব মূহুর্তে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত একজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করেপাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকবলেন, সভা চলাবস্থায় কিং অব চিটাগাং এর বাইরে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে এসআই অমিতাভের নেতৃত্বে পুলিশ অবস্থান করছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।
উত্তর জেলা বিএনপির আহবায়ক লায়ন আসলাম চৌধুরীর সাথে সাবেক সভাপতি গিয়াস কাদের গ্রুপের বিরোধের জের ধরে এ ককটেল বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইফতার পার্টিতে বিএনপির কেন্দ্রীয় নেতা মোর্শেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আসলাম চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





