মাগুরার এক কৃষক সাড়ে ৩ কিলোমিটার লম্বা জার্মান পতাকা বানিয়েছেন। এটিই বিশ্বের সর্ববৃহৎ জার্মান পতাকা। আর এই পতাকা বানানোর খরচ জোগাতে কৃষক আমজাদ হোসেন তার কৃষি জমির একটি অংশ বিক্রি করে দিয়েছেন।

ফুটবল পাগল বাংলাদেশের এই কৃষককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে মাগুরা ছুটে যাচ্ছেন ঢাকায় নিযুক্ত জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ফার্দিনান্দ ফন ভাইয়ে।

জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স মাগুরায় এক অনুষ্ঠানের মাধ্যমে আমজাদ হোসেনের হাতে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ এবং ধন্যবাদ জানিয়ে একটি সনদপত্র তুলে দেবেন। বিশ্বের সর্ববৃহৎ জার্মান পতাকা বানানোর কৃতিত্বটা পাবেন বাংলাদেশের এ কৃষক।

মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আগামী শনিবার দুপুরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা কমিশনার এ কে এম তারেক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মাগুরা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ