বগুড়ার শিবগঞ্জে শিশু কন্যাকে কুপিয়ে আত্মহত্যা করেছেন মা খাদিজা বেগম (৩৫)। শিশুটির নাম হালিমা আকতার সোহান (৬)।

আজ শুক্রবার উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশুকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন জানান, সকালের দিকে স্বামী বাড়ি না থাকায় খাদিজা ঘরের দরজা বন্ধ করে তার শিশু কন্যাকে বটি দিয়ে এলোপাথারি কোপান।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু এরইমধ্যে শিশুকন্যার মা বটি দিয়ে নিজের গলাকেটে ফেলেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি শাহিদ মাহমুদ।

এলাকাবাসী জানায়, ওই গৃহবধূর স্বামী ময়দানহাটা গ্রামের একেএম হাসান বেসরকারি সংস্থা আশা'য় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। শুক্রবার সকালে তিনি কাজে বাড়ির বাইরে ছিলেন।

এদিকে নিহতের মা আবেদা বেগম বলেন, খাদিজা বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলো। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলো।

এমবি