টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (২১ মার্চ) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আর এম হিসেবে কর্মরত ছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেলে মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। তিনি বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





