খাগড়াছড়িতে কয়েকটি সংবাদপত্রের ওপর উড়ো চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে উড়ো চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

খাগড়াছড়ির সংবাদপত্র এজেন্ট রতন কুমার দে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান "প্রতিভা ট্রেডার্স খুলতেই চারটি খামের মধ্যে উড়ো চিঠি পাওয়া যায়।

এতে কয়েকটি সংবাদ পত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে লেখা হয়েছে যে, 'ইদানিং প্রথম আলো, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, কালেরকন্ঠ, সুপ্রভাত বাংলাদেশসহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এলাকার সুনামধন্য জনপ্রতিনিধিদের নিয়ে মিথ্যাচার করছে। জনবিরোধী এসব পত্রিকা খাগড়াছড়িতে আনা ও বিক্রি নিষিদ্ধ করা হলো। পত্র প্রাপ্তির পর যদি এসব পত্রিকা খাগড়াছড়ি আসে, তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে'।

                                                                   FB_IMG_1482838296388

খাগড়াছড়ি সংবাদপত্র এজেন্ট রতন কুমার দে আরো জানান, উড়ো চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারআব্দুল মজিদ আলীর সাথে সাক্ষাত করে তাকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পুলিশ সুপারের পরামর্শে তিনি একটি অভিযোগপত্র দায়ের করেন।

এ বিষয়ে খাগড়াছড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সম্প্রতি খাগড়াছড়িতে দৈনিক প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক নিরব চৌধুরীকে প্রকাশ্যে মারধর ও প্রকাশ্যে সাংবাদিকদের জবাই করে হত্যার হুমকির ঘটনার পর সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে উড়ো চিঠি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খাগড়াছড়ির পেশাজীবি সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আবু বকর/জারিফ