সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় মঈন উদ্দিন (৪৮) নামের এক পথচারী মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বালাগঞ্জ দমকল বাহিনীর কর্মী মনিরুজ্জামান বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র পথচারী মঈন উদ্দিনকে চাপা দেয়। স্থানীয়দের খবরে দমকল বাহিনীর একটি গাড়ি তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের ওসমানীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) জুবের আহমদ বলেন, নিহত মঈন উদ্দিন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর বাস চালক পলাতক থাকলেও বাসটি আটক করা হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ