গাজীপুরের শীববাড়ি এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের তিন সদস্যকে কুপিয়ে আহত করেছে যুবলীগের কর্মীরা। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

পরে ঘটনাস্থল থেকে সরাফত হোসেন নামের একজন আটক করে পুলিশ।আটক হওয়া সরাফত হোসেন যুবলীগের কর্মী বলে স্থানীয়রা দাবি করেছেন।

আহতরা হলেন- গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া ও কনস্টেবল এরশাদ। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মনির, সুমন ও এরশাদ শীববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় আটক সরাফত হোসেন তাদের ধাক্কা দিয়ে সামনে চলে যায়। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের পরিচয় দিলে অভিযুক্ত সরাফত ও তার লোকজন ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে। গোয়েন্দা পুলিশের সদস্যরা এ সময় আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সরাফতকে আটক করলেও অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আটক সরাফত হোসেন যুবলীগের কর্মী বলে জানা গেছে। জেলা পুলিশের ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, আহত ডিবি পুলিশ সদস্যরা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আযাদ জানান, উপ-পরিদর্শক মনিরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। তবে কোনো কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা নিতে আনা হয়নি।

এমএম