টঙ্গীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার ৫ দিন পরও নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধ্যান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ ছাত্রের নাম নাজমুস সাকিব (২২)। তিনি এবছর যশোর আমিনিয়া আলিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার্থী। গত ১০ জুলাই তিনি টঙ্গীর আউচপাড়ায় বড় বোনের বাসায় বেড়াতে আসেন।

সাকিবের বড় বোন শামীমা আক্তার টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, গত ১০ জুলাই সাকিব তার বাসায় বেড়াতে আসেন।

এরপর গত ১৪ জুলাই ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের মসজিদে যান। এরপর আর ফিরে আসেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শামীমা আরো জানান, সাকিব বাসা থেকে বের হওয়ার আগে ওই এলাকায় সাদা পোশাকের ডিবি পুলিশ ঘুরাঘুরি করছিল।

মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়। এরপর ওই গাড়িটি স্থানীয় এশিয়া পেট্রল পাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর ঢাকার দিকে চলে যায়।

এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর গাজীপুর ও ঢাকার বিভিন্ন ইউনিট ও দপ্তরে যোগাযোগ করা হয়েছে।

কিন্তু কেউ সাকিবকে আটকের দায় দায়িত্ব স্বীকার করেনি। এ ব্যাপারে শামীমা গত ১৫ জুলাই টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরী নং- ৬৩৭ করেন।

নাজমুস সাকিবের বাবার নাম আকরাম হোসেন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সাইক বাড়িয়া গ্রামে তাদের বাড়ি।

এসএম