নগরের শ্যামপুর এলাকায় গতকাল সোমবার রাতে সারবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

ট্রাকের চালক মিজানুর রহমান জানান, তিনি পাবনার নগরবাড়ী থেকে ট্রাকে সার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় যাচ্ছিলেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজশাহীর শ্যামপুরে গম গবেষণা কেন্দ্রের কাছে পৌঁছালে ১৫-২০ জনের একটি দল এসে রাস্তায় অবরোধ সৃষ্টির চেষ্টা করে। তাঁর ট্রাকের সামনে থাকা খালি দুটি ট্রাক দ্রুত টান দিয়ে চলে যায়। তাঁর গাড়ি সারবোঝাই থাকার কারণে তিনি পার হতে পারেননি। হামলাকারীররা রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে তাঁর ট্রাকটি আটকে দেয়।

চালক মিজানুরের ভাষ্য, প্রথমে দুর্বৃত্তরা ট্রাকের সামনের অংশের কাঁচ ভেঙে ফেলে। তিনি গাড়ির ভেতরে থাকা অবস্থায় তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গেছে।

নগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, পুলিশ খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এএইচ